হাফিজুর রহমান আবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও আরবী বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও কুরুচীপূর্ণ স্লোগানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আরবী বিভাগের শিক্ষার্থীরা। আজ (রবিবার) বেলা বারটার দিকে সিনেট ভবনের সামনে প্যারিস রোডে এই মানববন্ধন করে শিক্ষার্থীরা।
জানা যায়, গত ২৬ অক্টোবর রোববার বিকেলে সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে ডুবে গিয়ে মারা যান অত্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা হোসাইন। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে বিষয়টিকে খতিয়ে দেখার জন্য প্রশাসন কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তদন্ত কমিটির আহ্ববায়ক উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন বিস্তারিত রিপোর্ট পেশ করেন।
তদন্ত সুষ্ঠু হয়নি দাবিতে সিনেট ভবনেই অহেতুক প্রশ্ন করতে থাকেন সমাজ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক। পরে ভবনের বাহিরে এসে বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে। এ খবর পেয়ে প্রক্টর মাহবুবুর রহমান ও রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসুদ এসে শান্ত করার সৃষ্টি করলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। প্রক্টর ও রেজিস্ট্রারের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ ও অশ্রাব্য স্লোগান দিতে থাকে তারা।
এই ঘটনার প্রতিবাতে সমাজবিজ্ঞান বিভাগের অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে আজ (রবিবার) আরবী বিভাগের শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে প্যারিস রোডে মানববন্ধন করে। এবং জড়িতদের যথাযথ শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর চার দফা সম্বলিত স্মারকলিপিও প্রদান করে তারা।