আশরাফুল ইসলাম,শেকৃবি প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ছাত্রদল নেতা মো. রাশেদ খান মিলনের উদ্যোগে একদল তরুন দ্বারা পরিচালিত হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। তার আহ্বানে বিভিন্ন তরুণ নেতাকর্মীরা অংশ নিয়ে ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতার কর্মসূচি পরিচালনা করেন।
আজ ২৯ অক্টোবার, বিকালে শেকৃবি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অভিযানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ড্রেন, বাগান, আবাসিক হলের সামনে ও খেলার মাঠের আশপাশ থেকে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
অভিযান চলাকালে ছাত্রদল নেতা মো. রাশেদ খান মিলন বলেন, “ডেঙ্গু এখন কেবল একটি রোগ নয়, এটি সামাজিক সংকটে পরিণত হয়েছে। প্রতিরোধের মূল উপায় হলো পরিচ্ছন্নতা। শিক্ষার্থীদের মধ্য থেকেই সচেতনতার এই বার্তা ছড়িয়ে দিতে চাই।”
তিনি আরও বলেন, “আমরা চাই শেকৃবি থেকেই শুরু হোক পরিচ্ছন্নতার অনুপ্রেরণা, যা সারাদেশে ছড়িয়ে পড়বে।”
অভিযান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন, সেন্ট্রাল লাইব্রেরি, আবাসিক হল এবং খেলার মাঠের চারপাশ পরিষ্কার করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “ছাত্রদের এমন উদ্যোগ প্রশংসনীয়। এটি অন্যদের জন্য অনুপ্রেরণা এবং ক্যাম্পাসকে নিরাপদ রাখতে সহায়ক হবে।”