রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হবে।
বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
উপাচার্য বলেন, “আগামী সোমবার বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে। তবে আগে যেভাবে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল, এবার তা করা হচ্ছে না।”
তিনি আরও জানান, “এদিন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে না। পরে উপযুক্ত সময়ে তা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
উপাচার্য রেজাউল করিম আরও বলেন, “আমরা সবাই জোবায়েদ হত্যার ঘটনায় গভীরভাবে শোকাহত। তার হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে আমি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি।”
গত রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে তার শিক্ষার্থী বর্ষার বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনাস্থলের নিচতলা থেকে তিনতলা পর্যন্ত রক্তের দাগ পাওয়া যায়। তিনতলার সিঁড়িতেই পড়ে ছিলেন জোবায়েদ। এই ঘটনার পরদিনই বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত করা হয়।