রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে রাকসু নির্বাচন উৎসব। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়, মুখে আনন্দের ছাপ। কেউ বন্ধুদের সঙ্গে সেলফি তুলছে, কেউ আবার লাইন ধরে অপেক্ষা করছে ভোট দিতে।
প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেছেন, “আজকে শিক্ষার্থীদের জন্য ঈদের দিন বলে মনে হচ্ছে। তারা অত্যন্ত আনন্দ-উৎসাহ নিয়ে ভোট দিতে আসছে।”
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে মেয়েদের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রক্টর বলেন, “বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর বয়স এমন যে, এটাই তাদের প্রথম ভোটের অভিজ্ঞতা। তাই স্বাভাবিকভাবেই উৎসাহটা বেশি।”
তিনি আরও বলেন, “নারী শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আমি সত্যিই অবাক। পুরুষ শিক্ষার্থীদের তুলনায় মেয়েদের ভোটকেন্দ্রগুলো অনেক বেশি জমজমাট। লম্বা লাইন দিয়ে মেয়েরা ভোট দিতে অপেক্ষা করছে— এটা আমাদের জন্য খুবই আশার বিষয়।”
প্রক্টর জানান, নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রমাণ করে যে তারা এখন আর পিছিয়ে নেই। “আমরা প্রায়ই বলি নারীরা পিছিয়ে আছে, কিন্তু আজকের উপস্থিতি তা ভুল প্রমাণ করছে। সবাই দায়িত্বশীল আচরণ করছে, এটা অত্যন্ত ইতিবাচক দিক।”
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “অত্যন্ত চমৎকার একটি পরিবেশ বিরাজ করছে। আবহাওয়া যেমন সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর আইন-শৃঙ্খলার পরিবেশ। আশা করছি সারাদিন এমন শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।”
রাকসু নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। শিক্ষার্থীরা বলছেন, বহু বছর পর রাকসু নির্বাচনে অংশ নিতে পেরে তারা গর্বিত ও আশাবাদী যে নতুন নেতৃত্ব ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আনবে।