রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্যবসায় শিক্ষা অনুষদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গবেষণামুখী প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন দাবি করে ন্যূনতম সিজিপিএর মানদণ্ড পুনর্বিবেচনা এবং নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদানের আবেদন জানিয়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ সংক্রান্ত একটি লিখিত আবেদন পেশ করেন ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য সুলতান মাহমুদ শুভ। তার সঙ্গে ছিলেন শিক্ষার্থী সাদমান সাম্য, তুষার এবং সাধারণ শিক্ষার্থীরা।
আবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ ৩.৮৫ নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশের অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি। দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো যেমন: ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে এই মানদণ্ড ৩.৫০ থেকে ৩.৭৫ পর্যন্ত প্রযোজ্য।
এ প্রসঙ্গে আবেদনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে সুলতান মাহমুদ শুভ বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের ৩.৮৫ সিজিপিএ মানদণ্ড অনেক মেধাবী ও গবেষণামুখী শিক্ষার্থীকে আবেদন প্রক্রিয়ার বাইরে রাখছে। আমরা চাই, ইউজিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে সিজিপিএর মানদণ্ড পুনঃনির্ধারণ করা হোক।”
তিনি আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের শিক্ষক নিয়োগে অগ্রাধিকার দিলে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও মান আরও বৃদ্ধি পাবে। এতে গবেষণামুখী ও একাডেমিকভাবে সক্ষম শিক্ষক তৈরি করা সহজ হবে।”
আবেদনে জানানো হয়, বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এমন শিক্ষক রয়েছেন মাত্র ৯ জন। এর মধ্যে হিসাববিজ্ঞান বিভাগের ১ জন, ফিন্যান্সের ২ জন, মার্কেটিংয়ের ৩ জন এবং ম্যানেজমেন্ট বিভাগের ৩ জন।
শিক্ষার্থীরা মনে করেন, শিক্ষক নিয়োগে নিজস্ব শিক্ষার্থীদের অগ্রাধিকার দিলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মেধাবী জনশক্তি ধরে রাখা সম্ভব হবে। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সংস্কৃতি ও শিক্ষার মান আরও উন্নত হবে এবং গবেষণা ও একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানকে আরও আত্মনির্ভর করে গড়ে তোলা তুলবে।