জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নবনির্বাচিত সকল প্রতিনিধিকে মোবারকবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শনিবার এক প্রেস বিবৃতিতে তিনি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবার্তা জানান।
সাদিক কায়েম তার বিবৃতিতে বলেন,
“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নবনির্বাচিত সকল প্রতিনিধিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ।”
তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসীম সাহস ও আত্মত্যাগের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছে। তার মতে, সেই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে নবনির্বাচিত জাকসু নেতৃত্ব গণতন্ত্র ও ইনসাফের পথে অবিচল থাকবে।
ডাকসুর এই ভিপি প্রত্যাশা ব্যক্ত করেন, নবনির্বাচিত জাকসু নেতৃবৃন্দ শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং নতুন প্রজন্মের স্বপ্ন বাস্তবে রূপ দিতে সাহসী ভূমিকা পালন করবেন।
তিনি আরও বলেন,
“আমাদের লক্ষ্য অভিন্ন। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।”