সানজিদা খানম ঊর্মি, গবি সংবাদদাতা:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এক শিক্ষার্থীর ওপর সহপাঠীর হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে পুরো বিভাগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী নাফিসকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সিএসই বিভাগের ৩৪তম ব্যাচের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সহপাঠী হৃদয় নাফিসকে অনুসরণ করে ঘোড়াপীর মাজারসংলগ্ন এলাকায় আটকান এবং সেখানে তাকে মারধর করেন। অভিযোগ রয়েছে, বহিরাগত এক ব্যক্তি এ সময় হামলায় অংশ নেন। ঘটনার ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নাফিস অভিযোগ করে বলেন, “পূর্বশত্রুতার কারণে হৃদয় বহিরাগত নিয়ে আমার ওপর হামলা চালায়। তারা আমাকে রক্তাক্ত করে ফেলে এবং প্রতিদিন মারধরের হুমকি দেয়। এখন আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ ঘটনার প্রতিবাদে বুধবার সিএসই বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেন এবং পরে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দেন। তবে শিক্ষার্থীদের অভিযোগ, প্রক্টর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেননি।
প্রক্টোরিয়াল বডির সদস্য ড. মো. আলী আজম খান বলেন, “প্রক্টর স্যার হয়তো ব্যস্ত থাকায় অভিযোগটি সঙ্গে সঙ্গে আমলে নিতে পারেননি। তবে যেহেতু লিখিত অভিযোগ পাওয়া গেছে, প্রক্টোরিয়াল বডি বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা করবে।”
অভিযুক্ত হৃদয় স্বীকার করেন যে নাফিসের সঙ্গে তার বিরোধ হয়েছিল। তিনি বলেন, “র্যাগিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্ব তৈরি হয়। ক্লাসে সমাধানের চেষ্টা করলে নাফিস আমার উপর ক্ষিপ্ত হয়।”
এ ঘটনায় বিভাগজুড়ে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন, ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না।