ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অংশ নেওয়া ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ নির্বাচনে পরাজয়ের পরও শিক্ষার্থীদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অতীতের অভিজ্ঞতা, নির্বাচনী দিন এবং ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরেন।
আবিদ লেখেন, জীবনের ক্ষুদ্র পরিসরে এতদূর আসবেন কখনো ভাবেননি। নির্বাচনের আগের রাতে জ্যেষ্ঠ নেতা খালেদ মুহিউদ্দিন তাকে জিজ্ঞেস করেছিলেন, পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান। কিন্তু তখন তিনি স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি।
তার ভাষায়, “একটার পর একটা আন্দোলন এসেছে, আমি নিজেকে রাজপথে সঁপে দিয়েছি। সেই পথই আমাকে এতদূর নিয়ে এসেছে।”
নির্বাচনের দিনকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লিখেছেন, সকাল থেকেই তিনি মিডিয়ার অপপ্রচারের শিকার হয়েছেন। দুপুর থেকে ভোটকেন্দ্রে একের পর এক অনিয়মের অভিযোগ পান এবং দিনভর সেসব নিয়ে কথা বলেন। তার দাবি, এসব অভিযোগের বিষয়ে এখনো একটি সুষ্ঠু তদন্ত ও যথোপযুক্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে আবিদ বলেন, “মানুষ হিসাবে আমরা কেউই পরিপূর্ণ নই। আমি জানি, আপনাদের জন্য যথেষ্ট কাজ করতে পারিনি। মাত্র ২০ দিনের ক্যাম্পেইনে চেষ্টা করেছি প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছাতে, তবে সবার কাছে যাওয়া সম্ভব হয়নি।” তিনি ভোট দিতে আসা শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান।
ভবিষ্যতের কথা উল্লেখ করে আবিদ প্রতিশ্রুতি দেন, তার যাত্রা এখানেই শেষ নয়। তিনি বলেন, “আমি এখনো ঢাবির ছাত্রদলের একজন কর্মী। আমার ইশতেহারের প্রতিটি বিষয় একজন ছাত্রনেতা হিসেবেই প্রশাসনের কাছে দাবি জানিয়ে আদায় করব। ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তনের জন্য রাজপথে থাকব।”
নিজের বার্তার শেষাংশে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি আপনাদের কখনো ছেড়ে যাব না।”