ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে চরম ব্যর্থতার অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ–সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আবিদুল ইসলাম বলেন, “আমরা যখন বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়েছি, আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমাদের অযথা সময় নষ্ট করা হয়েছে। প্রার্থীদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও অভিযোগ করেন, ভোটকেন্দ্রে প্রবেশ এবং প্রচারণার ক্ষেত্রে প্রার্থীদের যে অধিকার রয়েছে, তা প্রশাসন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তার দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার কারণে ভোটারদের আস্থা ক্ষুণ্ন হচ্ছে এবং প্রার্থীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন।
আবিদুল বলেন, “ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বিপুল আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন। কিন্তু আমরা প্রার্থীরা যথাযথ মর্যাদা পাচ্ছি না। প্রশাসনের এমন ব্যর্থতা নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে।”
প্রসঙ্গত, দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন, এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন।
ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে আছেন ৪৫ জন এবং নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। এছাড়া ১৮টি হলে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ১,০৩৫ জন প্রার্থী। প্রতিটি ভোটারকে ডাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি পদে ভোট দিতে হচ্ছে।