বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন, “আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই।” বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মর্মস্পর্শী মন্তব্য করেন।
কাদের তার পোস্টে লিখেছেন, “আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতোটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ করছি।” তিনি অভিযোগ করেন, সম্প্রতি এক রাজাকার ইস্যুতে মন্তব্য করার পর থেকে প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছেন তিনি।
শুধু অনলাইনেই নয়, তার পরিবারের ওপরও চাপ সৃষ্টি করা হচ্ছে। কাদেরের ভাষায়, “বাড়িতে গিয়ে আমার আম্মাকেও কথা শুনানো হচ্ছে। মাঝরাতে ঘুম ভেঙে যায়, শরীর কাঁপতে থাকে। আমি জানি না আর কতদিন নিতে পারব।”
তিনি আরও বলেন, “১০ দিন আগের বক্তব্য কাটছাঁট করে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। পুরো বক্তব্য প্রচার করলে মানুষ আসল সারমর্ম বুঝতে পারতো। এখনো তো কেবল শুরু, সামনে আরও পাঁচ দিন বাকি। তখন কী হবে, সেটা ভাবলেই ট্রমাটাইজড হয়ে যাই।”
উল্লেখ্য, সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে আব্দুল কাদের মন্তব্য করেছিলেন— “ছাত্রলীগের হাজার দোষ থাকতে পারে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নারীদের প্রতি অনেক সহনশীল ছিল।” এই বক্তব্যকে কেন্দ্র করে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানান নেতিবাচক প্রচারণা চলতে থাকে।