ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে রেজিস্ট্রার ভবনকে আধুনিক ও ‘পেপারলেস’ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডাকসু ভিপি পদপ্রার্থী ও শিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী আবু সাদিক কায়েম। বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতি দেন।
সাদিক কায়েম বলেন, “শিক্ষার্থীরা ভর্তি থেকে শুরু করে যেকোনো প্রশাসনিক কাজে ভোগান্তির শিকার হন। একই কাগজ একাধিকবার হলে, বিভাগে, অনলাইনে এমনকি ব্যাংকেও জমা দিতে হয়। অথচ সব ধাপ শেষ করেও রেজিস্ট্রার ভবনে এসে নানা হয়রানি পোহাতে হয়। কখনো বলা হয় ‘লাঞ্চের পর আসেন’, কখনো বলা হয় ‘আগামীকাল আসেন’। এই ভোগান্তির অবসান ঘটাতে আমি নির্বাচিত হলে রেজিস্ট্রার ভবনকে পুরোপুরি ডিজিটালাইজড করা হবে।”
তিনি আরও জানান, জয়ী হলে শিক্ষার্থীরা হলে বসেই অনলাইনে আবেদন ও পেমেন্ট করতে পারবেন। বিদেশে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিশেষ ‘উচ্চশিক্ষা সেল’ গঠন করা হবে, যা অনলাইনে সার্টিফিকেট যাচাই, প্রেরণসহ যাবতীয় সেবা দেবে।
এছাড়া রেজিস্ট্রার ভবনে পার্টটাইম চাকরির সুযোগ তৈরি করা হবে, যাতে শিক্ষার্থীরা অভিজ্ঞতা ও নেতৃত্বের চর্চা করতে পারে। তিনি বিশ্বাস করেন, শিক্ষার্থীদের হাতে প্রশাসনিক ক্ষমতার অংশ তুলে দিয়ে আমলাতান্ত্রিক জটিলতা ও অযথা হয়রানি দূর করা সম্ভব হবে।
ঢাবির শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল প্রশাসনিক জটিলতা কমানো। সাদিক কায়েমের এই অঙ্গীকার শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।