মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় বড়লেখা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বড়লেখা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক শিক্ষক।
মানববন্ধনে বক্তারা বলেন, “সরকার যখন সবার জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছে, তখন কেন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে থাকবে? এই বৈষম্যমূলক সিদ্ধান্তের দ্রুত পরিবর্তন চাই।”
বক্তারা আরো বলেন, “একই বয়সী শিক্ষার্থীরা এক পাঠ্যসূচিতে পড়ালেখা করলেও কেন কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়া হবে? কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরও এই পরীক্ষায় অংশগ্রহণের সমান অধিকার থাকা উচিত।”
মানববন্ধন থেকে দ্রুত এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বড়লেখা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরী, সহ-সভাপতি আবুল হক, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন সানেল,
অর্থ সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক শিমুল চৌধুরী সহ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
প্রসঙ্গত, গত ১৭ জুলাই পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা সংক্রান্ত এক পরিপত্র জারি করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে। এতে কিন্ডারগার্টেন ও সমমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে।