মোঃ কাজী ওমর শরীফ, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন আগামী ১৪ মে, ২০২৫ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী ১৫ মার্চ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। সমাবর্তন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ১১টি উপ-কমিটি ও একটি কোর-কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
আজ ২৭ ফেব্রুয়ারি সকালে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে উপাচার্যের অফিস কক্ষে সমাবর্তন আয়োজক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাবর্তন উদযাপন কমিটির সদস্য-সচিব ও চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী সভা পরিচালনা করেন।
সভায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হলের প্রভোস্ট, প্রক্টর ও অন্যান্য দায়িত্বশীল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাবর্তন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।