মোঃ কাজী ওমর শরীফ, (চবি প্রতিনিধি):
পোষ্য কোটা বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে অনশন শুরু করেন। দীর্ঘ ১৪ ঘণ্টা ধরে চলা এই কর্মসূচি শেষে রাত ২টার দিকে প্রশাসনের আশ্বাসে তারা অনশন স্থগিত করেন।
অনশন স্থগিতের বিষয়ে অনশনরত শিক্ষার্থী সাইরিব রহমান সুপ্ত তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “ভিসি ও প্রো-ভিসি স্যার রবিবার পর্যন্ত সময় চাওয়ার ভিত্তিতে আমরা আমাদের অনশন ও অবস্থান কর্মসূচি রবিবার পর্যন্ত স্থগিত ঘোষণা করছি।
তিনি আরও উল্লেখ করেন, “আগামী রবিবার প্রশাসনের মিটিংয়ে আমাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সেখানে দাবি মানা না হলে সোমবার থেকে আবারো অনশন ও অবস্থান কর্মসূচি শুরু হবে। আমাদের এই আন্দোলন সর্বস্তরের ছাত্র সমাজের দাবি।
সাইরিব রহমান তাদের দাবি স্পষ্ট করে জানান:
১. পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিল চাই।
২. কোনো পোষ্য কোটা কিংবা অযৌক্তিক কোটার সাথে আপোষ হবে না।
এই অনশন কর্মসূচির মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা পাল্টা কর্মসূচি ঘোষণা করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে শিক্ষার্থীদের আন্দোলন আপাতত প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে সাময়িক বিরতিতে রয়েছে।