রাবি প্রতিনিধি, এস.এম. আতিকুর রহমান
‘শিক্ষার্থীদের সমস্যা সমাধান করতে না পারলে দ্বিতীয়বার তাদের সামনে আসব না’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। শনিবার (২৯ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘যারা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ ও সম্ভাবনা, তারা আমাদের ক্যাম্পাসে এসেছেন। শুরুতেই তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আপনারা এই বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনারা যেখানে যাবেন, আপনারা এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন।’
তিনি বলেন, ‘আপনাদের ওপর পিতা-মাতা, আত্মীয়-স্বজন, সমাজ এবং আমাদের সবার সাফল্যের প্রত্যাশা রয়েছে। সুতরাং আপনারা সবসময় সঠিক পথে চলবেন।’
শিক্ষার্থীদের সমস্যা সমাধানের বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সমস্যার সমাধান না করে যেতে পারলে, আমি দ্বিতীয়বার আপনাদের সামনে আসব না। ইনশাআল্লাহ, এই বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার জন্য উদাহরণ হতে যাচ্ছে।’
অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘এটি দেশের সেরা একটি বিশ্ববিদ্যালয়। আমি উচ্চশিক্ষার পৃথিবীতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাই। তোমরা দুই লাখের বেশি প্রতিযোগীর মধ্যে থেকে এখানে সুযোগ পেয়েছ। সুতরাং তোমরা সামনের দিনগুলোতে নিজেদের ওপর আত্মবিশ্বাস রেখে সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আশা করছি।’
তিনি আরও বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেসব সুযোগ-সুবিধা নেই, সেগুলো নিয়ে কাজ করার কথা ইতোমধ্যেই আমরা ভেবেছি। আমরা চাই, এখান থেকে সেরা সেরা মানুষ তৈরি হোক।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, ছাত্র-উপদেষ্টা এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অনুষদের অধিকর্তারা উপস্থিত ছিলেন।