মাহবুবুল ইসলাম , শাবিপ্রবি প্রতিনিধি:
অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পর সাধারণ, বিজ্ঞান ও টেকনোলজি (জিএসটি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এসেছে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)’। গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ শনিবার (৭ নভেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আমরা আজকে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করেছি, আমরা গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসেছি। আগামী সেশন থেকে আমরা নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাবো।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকতাসহ সংশ্লিষ্ট সবাই সহযোগিতা কামনা করেন উপাচার্য।
এ বিষয়ে উপাচার্যের পিএস ডেপুটি রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন বাংলানিউজকে বলেন, এখন থেকে শাবিপ্রবি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার আওতায় থাকবে না।
আগামী ১২ ডিসেম্বর একাডেমি কাউন্সিলের সভা রয়েছে। তাতে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া, পরীক্ষার মানবণ্টন সবকিছু নিয়ে আলোচনা হবে।
এদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে শাবিপ্রবি বের হওয়ার উদ্যোগ নেওয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা।
উল্লেখ্য যে, গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে এবং স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করতে দীর্ঘদিন ধরে একটা দাবি জানিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা। দাবির প্রেক্ষিতে গত ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের এক একাডেমি কাউন্সিলের সভায় গুচ্ছ না থাকার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে গত ১০ নভেম্বর সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। এমনকি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে গত ১৫ নভেম্বর মানববন্ধন করেছেন তারা। গুচ্ছ থেকে বের হওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও। অবশেষে গুচ্ছ প্রক্রিয়া থেকে চূড়ান্তভাবে বেরিয়ে আসছে শাবিপ্রবি।