ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিজের বিয়ের অনুষ্ঠানের দাওয়াত দিয়েছেন। সোমবার (১১ মে) দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
সাদিক কায়েম জানান, ‘জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স’-এ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে ড. ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এ সময় তিনি নিজের বিয়ের নিমন্ত্রণপত্র তুলে দিলে ড. ইউনূস তার নতুন জীবনের জন্য শুভকামনা ও অভিনন্দন জানান।
সাক্ষাতে জুলাই আন্দোলনের শহীদ নাফিজের স্মৃতিবিজড়িত একটি স্মারক চিত্রকর্মও ড. ইউনূসের হাতে তুলে দেন সাদিক কায়েম। পাশাপাশি জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচি ও ডাকসুর ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়েও আলোচনা করেন তারা।
সাদিক কায়েম আরও বলেন, তরুণদের উদ্যোগ ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ড. ইউনূস তাদের ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন। একই সঙ্গে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ভবিষ্যতেও তার সহযোগিতা ও পরামর্শ কামনা করেন তিনি।