ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহ বলেছেন, গণরুম ও গেস্টরুমের মতো অরাজক সংস্কৃতি ছাত্রদল আর মেনে নেবে না। কেউ এই ধরনের কার্যক্রমে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে টিএসসি-তে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে গ্রাফিতিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার প্রতিবাদেই এই কর্মসূচি পালন করা হয়।
গণেশ চন্দ্র রায় সাহ অভিযোগ করেন, ৫ আগস্টের পর ছাত্রশিবির বিভিন্ন ক্যাম্পাসে মব কালচার উসকে দিয়ে অস্থিরতা তৈরি করছে। এর বিপরীতে ছাত্রদল শিক্ষার্থীদের মনোভাবের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজনীতি করছে বলেও দাবি করেন তিনি।
এদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও হামলার চেষ্টা হলে ছাত্রশিবিরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি আরও অভিযোগ করেন, অতীতে ছাত্রলীগের সঙ্গে মিলে শিবির রাজনীতি করেছে এবং সেই দায় তাদেরও নিতে হবে।
চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের ঘটনা তুলে ধরে তিনি বলেন, ছাত্রদল লিখে থাকলেও তারা পাল্টা দেয়াল লিখন লিখতে পারতো। তা না করে তারা হামলা করেছে।
এতে বোঝা যায় যে সকল ক্যাম্পাসে শিবির তুলনামূলক শক্তিশালী, সেখানে কতটা সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রম একটু বেশি চালাচ্ছে শিবির, বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তারা এমন কর্মকাণ্ড ঘটাচ্ছে।