বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংবিধানে গণভোটের কোনো বিধান না থাকার যুক্তি দেখানো হলে ২০২৬ সালেও নির্বাচন আয়োজনের সুযোগ নেই। সোমবার রাতে জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউটের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, জনগণের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন। ছাত্র-জনতার আন্দোলনের পর জনগণের ইচ্ছার ভিত্তিতেই বর্তমান সরকার গঠিত হয়েছে। তাই একই প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচন গ্রহণযোগ্য হলে গণভোটের রায়কেও সমান গুরুত্ব দিতে হবে।
তিনি দাবি করেন, সরকার গঠনে ৫১ শতাংশ ভোটকে বৈধ ধরা হলেও গণভোটে অধিক সমর্থন পাওয়া জনগণের রায় বাস্তবায়ন করা হয়নি। এ সময় তিনি সরকারের বিরুদ্ধে গণভোট-পরবর্তী প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তোলেন।
জামায়াত আমির বলেন, জনগণের রায় বাস্তবায়নে বিরোধী দল সংসদের ভেতরে ও বাইরে গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাবে। তিনি সরকারকে দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।
এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি উপেক্ষিত হওয়ায় বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে।