সোহেল রানা,সিংগাইর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-০২ আসনে চূড়ান্ত ফলাফলে বড় ব্যবধানে বিজয় অর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (ধানের শীষ প্রতীক)।
মোট ১৮৬টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণার পর তিনি পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মো. সালাহ উদ্দিন (দেওয়াল ঘড়ি প্রতীক) পেয়েছেন ৮১ হাজার ৫৩১ ভোট।
এছাড়া লাঙ্গল প্রতীকে এস এম আব্দুল মান্নান পেয়েছেন ৭ হাজার ৮১ ভোট এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন ৩ হাজার ৮৪৭ ভোট।
চূড়ান্ত ফলে মঈনুল ইসলাম খান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯৪ হাজার ২৪৫ ভোট বেশি পেয়ে বিজয় নিশ্চিত করেন, যা আসনটিতে একটি বড় ব্যবধান হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে আংশিক ফলাফলে ধানের শীষ প্রতীক এগিয়ে থাকার ইঙ্গিত মিললেও শেষ পর্যন্ত সেই ধারা আরও শক্তিশালী হয়ে বড় ব্যবধানেই জয় পায় বিএনপি। ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় এবং বিভিন্ন স্থানে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মানিকগঞ্জ-২ আসন (সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার অংশবিশেষ) এলাকায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৬২২ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ৪০৬ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ২১২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।