ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি হবে ন্যায় ও ইনসাফের পক্ষের ঐতিহাসিক লড়াই। তিনি বলেন, মুক্তিকামী ছাত্র-জনতা ব্যালটের মাধ্যমে ভারতের আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেবে।
শনিবার সাতক্ষীরা জেলার সদর ও দেবহাটা-২ আসনের সখিপুর সরকারি কেবিএ কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক–এর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সাতক্ষীরা-৩ ও ৪ আসনের নির্বাচনী সভায় বক্তব্য দেন এবং পরে সাতক্ষীরা-১ আসনের সভায় অংশ নেন।
সাদিক কায়েম বলেন, জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে, যেখানে হিংসা, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। তিনি বলেন, “‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ৫৪ বছরের মাফিয়া শাসন ও অনিয়মের অস্তিত্ব বিপন্ন হবে।” তিনি প্রশ্ন তুলে বলেন, জুলাই পরবর্তী সময়ে যে রাজনৈতিক দল নিজেদের অভ্যন্তরীণ সংঘর্ষে শতাধিক নেতাকর্মী হারিয়েছে, তারা কীভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে।
তিনি দাবি করেন, জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করেছে এবং ভবিষ্যতে সরকার গঠন করলে মা-বোনদের নিরাপদ চলাচল ও দেশের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সভায় দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হকের সঞ্চালনায় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।