মেহেদী হাসান রাতুল ( সিলেট ),
সিলেট-১ আসনে এই প্রথম চালু হয়েছে একটি ব্যতিক্রমী ও আধুনিক উদ্যোগ, যেখানে ঘরে বসেই পাওয়া যাবে ভোটার স্লিপ এবং ভোটকেন্দ্রের সঠিক ঠিকানা। শুধুমাত্র একটি অ্যাপের মাধ্যমে নাম বা জন্মতারিখ সার্চ করলেই যে কেউ সহজেই বের করে নিতে পারবেন নিজের ভোটার স্লিপ।
এই অভিনব উদ্যোগটি গ্রহণ করেছেন সিলেট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। ডিজিটাল সুবিধার মাধ্যমে ভোটারদের হয়রানি কমানো এবং ভোট প্রক্রিয়াকে আরও সহজ ও আধুনিক করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ধরনের নতুন ও উদ্ভাবনী উদ্যোগ সিলেটের ভোটারদের মধ্যে সৃষ্টি করেছে ভিন্নরকম আগ্রহ ও উদ্দীপনা। ‘দ্বিতীয় লন্ডন’ খ্যাত সিলেটে এবার ভোটের প্রচারণা থেকে শুরু করে নানা কার্যক্রমেও দেখা যাচ্ছে ব্যতিক্রমী আয়োজন ও আধুনিকতার ছোঁয়া।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন আশার আলো। অনেকেই মনে করছেন, এই নির্বাচনের মধ্য দিয়েই তারা তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার সুযোগ পাবেন।