শাহরিয়ার আহমেদ শাওন, নবীগঞ্জ:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শীতকাল চলাকালীন সময়েও ভয়াবহ লোডশেডিং জনজীবনে চরম ভোগান্তির সৃষ্টি করেছে।
দিনে-রাতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।
স্থানীয়দের অভিযোগ, শীতকালে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকলেও অস্বাভাবিকভাবে লোডশেডিং বেড়ে গেছে। দিনে কয়েক দফা ও রাতের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পড়ালেখা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিশেষ করে পরীক্ষার্থীরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। পর্যাপ্ত আলো না থাকায় পড়াশোনা ব্যাহত হচ্ছে। অপরদিকে ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদাররা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে জানান।
নবীগঞ্জ পৌর এলাকার পাশাপাশি উপজেলার বিভিন্ন গ্রামেও একই চিত্র বিরাজ করছে। বিদ্যুৎ চলে গেলে মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট পল্লী বিদুৎত অফিসের ডিজিএমের কাছে বার বার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
এদিকে এলাকাবাসী দ্রুত লোডশেডিং নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।