মুন্সিগঞ্জ প্রতিনিধি
মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত জেলা পর্যায়ের কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় জেলার ছয়টি উপজেলার দল অংশ নেয়।
সোমবার (২৬ জানুয়ারি) মুন্সিগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সিরাজদিখান উপজেলার প্রতিনিধিত্বকারী দলকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে টঙ্গীবাড়ির দলটি।
খেলার শুরু থেকেই মাঠে ছিল উত্তেজনা আর লড়াইয়ের আবহ। দু’দলই সমানতালে আক্রমণ ও প্রতিরোধ গড়ে তুললেও কৌশলী পরিকল্পনা, নিখুঁত দলগত সমন্বয় এবং শারীরিক সক্ষমতার কারণে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। নির্ধারিত সময় শেষে তারা পরিষ্কার ব্যবধানে জয় ছিনিয়ে নেয়।
ফাইনাল খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি মাদক থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। এ ধরনের মাদকবিরোধী ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে যেমন ভূমিকা রাখে, তেমনি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া সংগঠক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।