নীলফামারীর সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামে তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর ক্যানেলের বাঁধ ভেঙে শতাধিক একর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে সরিষা, বোরো বীজতলা, ভুট্টা, আলুসহ বিভিন্ন রবি ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) কামারপাড়া এলাকায় ক্যানেলের প্রায় ২০ ফুট অংশ ভেঙে গেলে পানি আশপাশের নীচু জমিতে ঢুকে পড়ে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ১৫ জানুয়ারি থেকে বোরো মৌসুমে সেচ কার্যক্রম শুরু হলে কৃষকরা চারা রোপণ ও ফসলে সেচ দিচ্ছিলেন। এ অবস্থায় হঠাৎ বাঁধ ভেঙে জমি প্লাবিত হয়।
কৃষকদের অভিযোগ, ক্যানেলটি প্রতিবছর নামমাত্র সংস্কার করা হয়। ফলে ২০১৫ ও ২০২৪ সালের মতো এবারও একই স্থানে বাঁধ ভেঙে বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে।
ঘটনার প্রতিবাদে ক্ষতিগ্রস্ত কৃষকরা নীলফামারী-পঞ্চপুকুর সড়ক অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কৃষকদের ক্ষোভের মুখে পড়েন।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, ক্যানেলের পাশে ইঁদুরের গর্ত থাকায় সেচের পানি ছাড়ার পর বাঁধটি ভেঙে পড়ে। দ্রুত মেরামত করে সেচ কার্যক্রম পুনরায় চালু করা হবে বলে তিনি আশ্বাস দেন।