রবিউল ইসলাম, শিবগঞ্জ
সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে বগুড়া-২ (শিবগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জনাব তৌশিকুর রহমানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দের পর প্রতিক্রিয়ায় মীর শাহে আলম বলেন,
“এই প্রতীক শুধু আমার একার নয়—এটি শিবগঞ্জের সাধারণ মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। আমি শিবগঞ্জবাসীর পাশে থেকে কাজ করতে চাই।”
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতীক ঘোষণার খবরে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ প্রকাশ পায়।
স্থানীয় বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য ও জনগণের সমর্থনে আসন্ন নির্বাচনে বগুড়া-২ আসনে বিএনপি বিজয় অর্জন করবে।