মো. বদরুল আলম, সখীপুর (টাংগাইল)
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে চারতলা ভবন থেকে পড়ে হিমেল (২০) নামে এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ (৮ জানুয়ারী) বৃহস্পতিবার বেলা ২:৩০ মিনিটের দিকে পৌর শহরের সখীপুর–কচুয়া সড়কে অবস্থিত মা ও শিশু কেয়ার ক্লিনিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিমেল টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের সেলিম মিয়ার ছেলে। তিনি সখীপুর পৌরসভার কাউচিচালা এলাকায় নানির বাড়িতে থেকে দীর্ঘদিন ধরে রডমিস্ত্রির কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হিমেলসহ কয়েকজন শ্রমিক ওই ক্লিনিক ভবনের চারতলায় রড বাঁধাইয়ের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে রড ওপরে তোলার সময় অসাবধানতাবশত বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে হিমেল বিদ্যুতায়িত হন। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে চারতলা ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।