মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ মোঃ রাসেল (৩৭) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোর ৪টায় কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন শরীফ বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্রের ব্যারেল, তিনটি দেশীয় অস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় অস্ত্রগুলোসহ মোঃ রাসেলকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।