মুন্সিগঞ্জ প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি দাবি করেন, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ চত্বরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আব্দুস সালাম আজাদ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন শরীফ ওসমান হাদি। তিনি আরও জানান, দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, দেশে গণতন্ত্র ও সার্বভৌমত্বের পক্ষে যেন মানুষ আর কথা বলতে না পারে, সেই উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে প্রতিবাদী কণ্ঠগুলো নিস্তব্ধ করার চেষ্টা চলছে।
এ ধরনের সহিংস ঘটনায় ভবিষ্যতে আরও অনেকে ঝুঁকির মুখে পড়তে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আব্দুস সালাম আজাদ।
এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লৌহজং উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। র্যালিটি উপজেলার মালির অংক বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন। পরে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিএনপির এই নেতা।