মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
টঙ্গীতে ফ্লাইওভারকে কেন্দ্র করে বেড়ে ওঠা অপরাধ ও সোমবার এক সাধারণ পথচারী হত্যার ঘটনায় জরুরি বৈঠকে বসেছেন গাজীপুর-৬ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাবীল ইউসুফ। মঙ্গলবার তিনি জিএমপি কমিশনার এবং জিএমপি ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনারের সঙ্গে বিস্তারিত আলোচনায় অংশ নেন।
বৈঠকে ফ্লাইওভার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলার সার্বিক উন্নতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং টহল জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়। নাবীল ইউসুফ ফ্লাইওভারের নিচে ও আশপাশে অবস্থানকারী ভাসমান মানুষের বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। কারণ, এদের অনেকেই রাতে অপরাধচক্রের সঙ্গে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকে।
এ ছাড়া তিনি মাদকসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের বিস্তার এবং সেগুলোর প্রভাবে এলাকায় অপরাধ প্রবণতা বাড়ার বিষয়টি পুলিশের নজরে আনেন। বাড়তি জনসংখ্যা ও ঘনবসতির কারণে টহল ও নজরদারি আরও বৃদ্ধি করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
পুলিশের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়—এই জোনে সংঘটিত অপরাধের প্রায় ৭০ শতাংশই স্থানীয় নয়, বাইরে থেকে আসা অপরাধীদের মাধ্যমেই ঘটে। তাই বাড়িভাড়া দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, ভাড়াটিয়ার পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ এবং সমাজের সকলের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
নাবীল ইউসুফ বলেন, “সমস্যার শিকড় অনেক গভীর। সামাজিকভাবে এগিয়ে না এলে এই অপরাধ বন্ধ করা কঠিন। তবে অসম্ভব নয়—দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে একটি সুন্দর গাজীপুর গড়তে।”