মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে ডিবি পুলিশের পরিচয়ে এক প্রবাসীর কাছ থেকে ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় সাতজনকে আটক করেছে। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ঘটনাটি ঘটে শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের তিন দোকান বাজার এলাকায়। ভুক্তভোগী সিঙ্গাপুর প্রবাসী আকাশ অসীম (৪৮) শনিবার শ্রীনগর থানায় এ ঘটনায় মামলা করেন। তিনি দোহার উপজেলার পালামগঞ্জ এলাকার মৃত অনিল চন্দ্র দাসের ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, আকাশ অসীম ও তার ভাই বিমল চন্দ্র দাস হরি (৫৬) স্থানীয়ভাবে পুরনো স্বর্ণ ক্রয়-বিক্রয়ের ব্যবসা করেন। ৬ নভেম্বর তারা শ্রীনগর বাজারের ‘শ্রীনগর স্বর্ণালয়’ নামের দোকানে ২১ ক্যারেটের ৩৯ ভরি স্বর্ণ বিক্রি করেন। পরদিন ভোরে বিক্রির ৬৫ লাখ টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় জয়পাড়ার উদ্দেশে রওনা হন তারা।
পথে সকাল সাতটার দিকে রাঢ়ীখাল এলাকায় পৌঁছালে নাম্বারবিহীন একটি সাদা মাইক্রোবাস তাদের গতিরোধ করে। গাড়ি থেকে নেমে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন এবং দাবি করেন, তাদের নামে মামলা আছে। পরিচয়পত্র দেখতে চাইলে ওই ব্যক্তিরা দুই ভাইকে বেধড়ক মারধর করে, হাতকড়া পরায় এবং টাকার ব্যাগসহ দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
কিছুক্ষণ পর আকাশ অসীমকে পদ্মা সেতুর উত্তর প্রান্তের পুরাতন ফেরিঘাটে ফেলে রেখে যায় তারা, আর তার ভাই বিমল চন্দ্র দাসকে কিছু সময় পর টোলপ্লাজার কাছে নামিয়ে দেওয়া হয়। ভুক্তভোগীরা জানান, হামলাকারীদের মধ্যে একজনের গায়ে ‘ডিবি’ লেখা জ্যাকেট ছিল এবং সবাই স্থানীয় উপভাষায় কথা বলছিল।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, “আমরা সাতজনকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তাদের পরিচয় যাচাই শেষে বিস্তারিত জানানো হবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এমন ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।ভুক্তভোগী আকাশ অসীম ঘটনার বিষয়ে বিস্তারিত বলতে অনিচ্ছা প্রকাশ করেছেন।