মোঃ তাজুল ইসলাম, সুবর্ণচর
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজার থেকে পরিষ্কার বাজার রোডের মাঝামাঝি স্থানে এক মোটরসাইকেল চালককে কুপিয়ে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মো. রুবেল জানান,
“আমি নামাজ পড়ে বের হয়ে দেখি একটি মোটরসাইকেল সিএনজির পাশে পড়ে আছে। প্রথমে দুর্ঘটনা ভেবে দৌড়ে গিয়ে দেখি, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার মাথা ও গলায় একাধিক কোপের চিহ্ন। আমাদের দেখে পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিটি দ্রুত স্থান ত্যাগ করে। কিছুক্ষণের মধ্যেই লোকটি আমাদের সামনেই মারা যায়।”
পরে স্থানীয়রা চর জব্বর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের নাম সুব্রত চন্দ্র দাস (৩৮)। তিনি সুবর্ণচর উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের চর বজলুল করিম গ্রামের চিরু রঞ্জন দাসের ছেলে।
জানা গেছে, সুব্রত চন্দ্র দাস তার স্ত্রী রিক্তা চন্দ্র দাসকে তার কর্মস্থল চর জব্বর ইউনিয়নের সমিতি বাজার কমিউনিটি ক্লিনিক থেকে আনার জন্য যাওয়ার সময় , পথিমধ্যেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।”
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।