নাজমুল হক চৌধুরী, নরসিংদী
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলায় আহত হয়ে মাথায় ব্যান্ডেজ নিয়ে শহিদ মিনারে উপস্থিত হয়ে ভাইরাল শিক্ষক শফিকুল ইসলাম কাজল নরসিংদীর সন্তান।
তিনি নরসিংদী জেলার বেলাবো উপজেলার দক্ষিনধুরু গ্রামের সন্তান। নরসিংদী সরকারি কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন শেষে শিক্ষকতা পেশায় যোগ দেন। তিনি কিশোরগঞ্জের ফেকামারা কামিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের প্রভাষক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
রবিবার (১২ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আন্দোলনে সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ ও লাঠিপেটা করেছে পুলিশ। এ হামলায় শফিকল সহ বেশ কয়েকজন শিক্ষক আহত হন। এরপর হাসপাতালে চিকিৎসা শেষে মাথায় ব্যান্ডেজ নিয়েই শহীদ মিনারে আসেন তিনি।
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শফিকুল ইসলামের ছবি ও ভিডিও ভাইরাল হতে থাকে। তার এই ছবি পোস্ট করে শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ঘটনার নিন্দা জানাতে থাকে।
শফিকুল ইসলাম জানান ‘ জাতি গড়ার কারিগর শিক্ষকরা যৌক্তিক দাবী নিয়ে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছে। এই শান্তিপূর্ন আন্দোলনে পুলিশের এই হামলা ন্যাক্কারজনক। আহত হয়েছি তাতে আক্ষেপ নেই। আমরা বাড়ি ভাড়া ২০ শতাংশ এবং চিকিৎসা ভাতা ১ হাজারে ৫০০ টাকা চাই। এর আগেও শতাংশ হারে বাড়ি ভাড়ার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা। আশ্বাস বাস্তবায়ন করা হয়নি। এ দাবি পূরণের জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।’