মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটো সাংবাদিক রাহিদ হোসেনকে (২৮) দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। এ সময় ভুক্তভোগীর পরিবারের তিনটি বসতঘরে ভাঙচুর চালানো হয় এবং বাধা দিতে গেলে আরও দুইজন আহত হন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব রমজানবেগ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক রাহিদের মামা মো. রুহুল আমিন (৪৫) ও ছোট ভাই রাকিব হোসেন (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রবাসী রুহুল আমিনের স্ত্রীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের মীমাংসার জন্য মঙ্গলবার দুপুরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে অভিযুক্ত সেলিম, স্বাধীন, রাজু, সুচনাসহ ৩০–৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় গুরুতর আহত সাংবাদিক রাহিদ হোসেন ও অন্যান্যদের স্থানীয়রা উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর আহত সাংবাদিকের পক্ষ থেকে সেলিম, স্বাধীন, রাজু, সুচনাসহ একাধিক জনের নাম উল্লেখ করে মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”