আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আবদুর রাজ্জাক চৌধুরী (৭৬) আর নেই। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। বাদ মাগরিব সেনবাগের কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের নিজ বাড়ির দরজায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে আবদুর রাজ্জাক চৌধুরী ছিলেন সেনবাগের সুপরিচিত রাজনীতিক। তার মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।