মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে পদ্মা সেতু উত্তর থানার সামনে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লৌহজং কলেজ, শ্রীনগর কলেজ ও মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী এ বিক্ষোভে অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা টানা ৩০ মিনিট পদ্মা সেতুর খান বাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন। বিক্ষোভ চলাকালে তারা “মুজিববাদ মুর্দাবাদ” স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, এনসিপি নেতাকর্মীদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদেই তারা এ কর্মসূচি পালন করেছেন। হঠাৎ এই সড়ক অবরোধের কারণে ঢাকা-মাওয়া মহাসড়কে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পদ্মা সেতু উত্তর থানার পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তাদের আশ্বাসে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি প্রত্যাহার করেন। পরে বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।