এমএ হালিম, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন করেছে সুনামগঞ্জ জনউদ্যোগ।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে সুনামগঞ্জ আদালত চত্ত্বর থেকে লিফলেট বিতরণের মাধ্যমে ক্যাম্পেইন শুরু হয়। পরে শহরের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু, সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক মানব চৌধুরী, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, গণমাধ্যমকর্মী জাহাঙ্গীর আলম, বুরহান উদ্দিন, মোশফিকুর রহমান স্বপন, জিয়া আহমদসহ বিভিন্ন অন্যান্য সদস্যরা। প্রতিটি জনসমাগমপূর্ণ স্থানে পথসভা করেন নেতৃবৃন্দ।
এসময় জনউদ্যোগের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু বলেন, সম্প্রতি পার্শ্ববর্তী কিছু দেশে করোনা ভাইরাসের একটি নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে এবং সেখানে দ্রুত হারে সংক্রমণ ছড়িয়ে পড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সংস্থাগুলোর মতে, এটির সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি, যদিও এখনও পর্যন্ত এটি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ কি না, তা নিয়ে গবেষণা চলছে।
এই অবস্থায় আমাদের দেশেও ঝুঁকি তৈরি হতে পারে। তাই এখনই আমাদের সজাগ ও সচেতন হওয়ার সময়। আমরা যদি এখনই কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি, তবে ভবিষ্যতের সম্ভাব্য বিপদ এড়ানো সম্ভব।
জনউদ্যোগের সদস্য জাহাঙ্গীর আলম সবাইকে মাস্ক ব্যবহার করা, বারবার সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনে পরীক্ষা করা, গুজব না ছড়িয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসরণ করার আহ্বান জানান।