ময়মনসিংহের গফরগাঁওয়ে জুলাই যোদ্ধাদের জন্য বিতরণ করা স্বাস্থ্য কার্ড পেয়ে গেলেন এক যুবলীগ নেতা, যা নিয়ে এলাকায় তুমুল সমালোচনা শুরু হয়েছে। উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের বাসিন্দা ও যুবলীগ নেতা হিসেবে পরিচিত ৪৫ বছর বয়সী তাঁরা মিয়ার হাতে এ কার্ড তুলে দেওয়া হয়।
গত ২৪ জুন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে গফরগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই যোদ্ধাদের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন।
এ ঘটনার পর বিষয়টি আলোচনায় আসে এবং বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, প্রকৃত জুলাই যোদ্ধাদের নাম বাদ রেখে রাজনৈতিক বিবেচনায় এই কার্ড বিতরণ করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতা মো. মনিরুল ইসলাম চমক ফকির বলেন, “তাঁরা মিয়া যুবলীগের লোক এবং সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল ও সাবেক মেয়র এসএম ইকবাল হোসেন সুমনের ঘনিষ্ঠ।”
তবে অভিযুক্ত তাঁরা মিয়া বলেন, “আমি স্বেচ্ছাসেবক দল ও পরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আন্দোলনে আহত হওয়ার প্রমাণ দিতে পারব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আবদুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিতরণকৃত কার্ডগুলো যাচাই-বাছাই চলছে এবং অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং কার্ড বিতরণের স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।