মনিরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ
গত ২১ ডিসেম্বর রাতে নাটোরের হরিশপুরে মহাশ্মশানে তরুনদাস(৬০) নামে এক ব্যক্তির হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। তার প্রায় ২০ দিনের মাথায় গত বৃহস্পতিবার(৯ জানুয়ারি) এই হত্যার মূল পরিকল্পনাকারী আসামী সবুজ হোসেন (২৫) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার(১০ জানুয়ারি) সকাল ১১ টায় ধৃত আসামী সবুজকে নাটোর বড়হরিশপুর মহাশ্মশানে সাংবাদিকদের সমানে উপস্থাপন করে এই তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন। গ্রেপ্তার সবুজ হোসেন বড়হরিশপুর এলাকার রমজান আলীর ছেলে।
পুলিশ সুপার জানান, মহাশ্মশানের সেবায়েত তরুন দাস হত্যা ঘটনায় তার ছেলে তপু দাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিকভাবে এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তার সহযোগী কয়েকজনের তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে নাম প্রকাশ না করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, সবুজ হোসেন ও তার সহযোগীরা মহাশ্মশানে চুরি করতে গেলে মন্দিরে অবস্থানরত তরুন চন্দ্র দাস তাদের দেখে ফেলে। এ সময় তারা তরুন চন্দ্র দাসকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করার পর পালিয়ে যায়।