মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে ফিড বিক্রেতার ভুল ইনজেকশনের কারণে প্রায় ৩শত এর অধিক হাঁস মারা গেছে। এতে খামারীর প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সকালে উপজেলার পারকোল মৎসজীবীপাড়ার ফরজ আলীর খামারের প্রায় ৩শত এর অধিক হাঁস মারা যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় খামারী ফরজ আলী মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।
জানা যায়, শনিবার সন্ধায় খামারী ফরজ আলীর খামারের ৬শ হাঁসকে ঠান্ডার ভ্যাক্সিনেশন করার কথা বলে এন্টিবায়োটিক ভ্যাক্সিনেশন করেন ফিড বিক্রেতা ও পল্লী চিকিৎসক দাবিকৃত শরিফুল ইসলাম। এতে ঘটনাস্থলেই হাঁস মারা যাওয়া শুরু করলে কৌশলে শটকে পড়েন ফিড বিক্রেতা ও পল্লী চিকিৎসক দাবিকৃত শরিফুল ইসলাম। তারপর থেকে প্রায় ৩শত এর অধিক হাঁস মারা যায় খামারী ফরজ আলীর। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান ফরজ আলী। শরিফুল ইসলাম উপজেলার বনপাড়া বাজারে ইউনিয়ন ফিড নামে একটি ফিডের দোকান পরিচালনা করেন।
ফিড বিক্রেতা ও পল্লী চিকিৎসক দাবিকৃত শরিফুল ইসলামের ভুল ভ্যাক্সিনেশন এর বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
তবে এ ব্যাপারে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী। এসময় তিনি উপস্থিত সকলের সামনে একটি হাঁসকে পরীক্ষার মাধ্যমে এ্যান্টিবায়োটিক ভ্যাক্সিনেশন এর অতিরিক্ত ডোজ প্রয়োগে হাঁসের মারা যাওয়ার বিষয় নিশ্চিত করেন।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।