পটুয়াখালীর গলাচিপায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি চলাকালে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্কুল রোড এলাকায় ঐতিহ্যবাহী হাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
হোটেলটির প্রতিষ্ঠাতা ও মালিক মরহুম আলহাজ্ব মো. হাবিবুর রহমানের ছেলে এবং প্রেসক্লাব গলাচিপার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মামুনের দাবি, তিনি হোটেলের ক্যাশ কাউন্টারে বসে থাকা অবস্থায় হঠাৎ করে একদল লোক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় হোটেলের জানালা, ফ্যানসহ ভেতরে থাকা বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়।
হামলার সময় ইটপাটকেলের আঘাতে হোটেল ম্যানেজার মো. শফিকুল, কর্মচারী মো. রাকিব এবং পাশের একটি মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠানের মালিক মো. জাকির হোসেন আহত হন। পরে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে মো. আল মামুন বলেন, ‘আমি ক্যাশ কাউন্টারে বসা ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে হামলা ও ভাঙচুর শুরু হয়। এতে প্রতিষ্ঠানের জানালা, ফ্যানসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তবে হামলায় কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি আল মামুন। বিএনপির কোনো পক্ষ বা গ্রুপের লোকজন এ ঘটনায় জড়িত কি না, সে বিষয়েও তিনি নিশ্চিত নন বলে জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপায় দলটির বিভিন্ন কর্মসূচি চলছিল। এর মধ্যেই হাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার বিষয়টি দুঃখজনক। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।