মোঃ হাচান আল মামুন , খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
সভায় চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, ‘জেলা পরিষদ কোনো ব্যক্তি বা দলের প্রতিষ্ঠান নয়; এটি খাগড়াছড়ির গণমানুষের প্রতিষ্ঠান।’ পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও পর্যটনসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে। বিশেষ করে দুর্গম এলাকার মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে জেলা পরিষদ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে। উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের বৈষম্য না করে জেলার সব সম্প্রদায়ের মানুষের অধিকার, প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হবে।
চেয়ারম্যান আরও বলেন, খাগড়াছড়ির বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, নবনিযুক্ত পরিষদ সদস্য এম এন আবছার, মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টুসহ জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য ও জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।