মোঃ তাজুল ইসলাম, নোয়াখালী
নোয়াখালীর হাতিয়া উপজেলায় ৯ বছর বয়সী হাবিবা সুলতানা নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামি পল্লী চিকিৎসক হেলাল উদ্দিন এর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার হরণী ইউনিয়ন দক্ষিণ আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচি পালন করেন স্কুলশিক্ষক, ছাত্র-ছাত্রিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ মামলার আসামি হেলাল মাস্টারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেন।
বক্তারা আরও বলেন, দ্রুত চার্জশিট দিয়ে বিচার শুরু করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এ ধরনের অপরাধ বাড়বে। ঘটনাটি নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, ভুক্তভোগী শিশুর মা ফাতেমা আক্তার,আদর্শ গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, অত্র বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্ণা আক্তার, হাফেজ সাইফুল সুমন, ইব্রাহিম খলিল, মাওলানা তরিকুল ইসলাম, সাদ্দাম হোসেন প্রমুখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট রবিবার আনুমানিক সকাল আটটার দিকে স্থানীয় আদর্শ গ্রাম বাজারে একই এলাকার মোঃ হোসেন এর ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণি পড়ুয়া মেয়ে হাবিবা সুলতানা ঔষধের জন্য পল্লী চিকিৎসক হেলাল মাস্টারের ফার্মেসীতে গেলে ফার্মেসীর পিছনের রুমে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করার সময় জনতার হাতে আটক হয় হেলাল মাস্টার।
পরে শিশুটির মা বাদী হয়ে হেলাল মাস্টারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন, হেলাল মাস্টার বর্তমানে জেল হাযতে রয়েছে।
এ সময় স্থানীয়রা জানান, এর আগেও হেলাল মাস্টার একাধিক নারী শিশুকে ধর্ষণ করেছে, তার এ সমস্ত অপরাধের গ্রাম্য শালিস হয়েছে কয়েকবার।