মুশফিক হাওলাদার, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে হোসনে আরা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার ফরাজি বাজারে অবস্থিত হোসনে আরা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোতাহার হোসেন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মোসাম্মদ সালেহা বেগম, কালমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজাহান খলিফা। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
সমাবেশে দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় প্রয়োজন। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির বিষয়েও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষক-অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।