সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে হেনা বেগম (৪০) নামে এক গৃহবধূ কীটনাশক পান করে মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার হাতেয়া রাজাবাড়ী ইউনিয়নের হাতেয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হেনা বেগম ওই গ্রামের আবদুর রউফের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, হেনা বেগম দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা, বুকের ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার কারণে তীব্র শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরে কীটনাশক পান করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণেই ওই গৃহবধূ বিষপান করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।