আমজাদ শিবলু: নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামে সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রমজান হাওলাদার (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান হাওলাদার মতইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তাদের গ্রামের বাড়ি বরিশালে।বাবা রাসেল হাওলাদার প্রবাস ফেরত বর্তমানে চট্টগ্রামে গাড়ির ইঞ্জিন মেরামতের কাজ করেন।
রমজান নানার বাড়িতে থেকে মতইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। সে মতইন গ্রামের বজল মিয়ার বাড়ির মৃত ড্রাইভার হানিফের বড় মেয়ের ছেলে। দুই ভাইয়ের মধ্যে রমজান ছিল বড়। তার ছোট ভাই রিশাদের বয়স ৪ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় ছুটির পর দুপুরে বাড়িতে এসে ৫ লিটারের একটি খালি তেলের বোতল নিয়ে বাড়ির পাশের পুকুরে সাঁতার শেখার জন্য নামে রমজান। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরে সাঁতার শেখার জন্য ব্যবহৃত বোতলটি ভাসতে দেখে তাদের সন্দেহ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে তার মা ও স্থানীয়রা পুকুর থেকে রমজানকে উদ্ধার করেন। অচেতন অবস্থায় তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার সরকার দৈনিক সকাল কে বলেন ‘খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। ছেলেটি পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।’