মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের টঙ্গীতে হানি ট্র্যাপের মাধ্যমে এক যুবককে ফাঁদে ফেলে জিম্মি করে মারধর, নগদ টাকা আদায় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত আরও সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুন টঙ্গী পশ্চিম থানার মুদাফা এলাকার কনসেপ্ট গার্মেন্টস সংলগ্ন একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় ভুক্তভোগী সালেহীন মিয়া (২৮) ও তার বন্ধু টিটু মিয়াকে এক নারী সদস্যের মাধ্যমে প্রলোভন দেখিয়ে ডেকে নেওয়া হয়।
নির্ধারিত স্থানে পৌঁছানোর পর সংঘবদ্ধ চক্রের সদস্যরা তাদের একটি কক্ষে আটকে রেখে মারধর করে এবং প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে।
একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৭৬ হাজার টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) এসএম মেহেদী হাসান তথ্যপ্রযুক্তির সহায়তা এবং সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ঘটনার সঙ্গে জড়িত পাঁচ সদস্যকে শনাক্ত করেন। পরবর্তীতে অভিযান চালিয়ে দুই নারী ও এক পুরুষ সদস্যকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের সক্রিয় সদস্য। একই কৌশলে তারা এর আগেও একাধিক ব্যক্তিকে টার্গেট করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত চলমান আছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।