সেলিম রেজা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের পুত্র ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির সমর্থনে, নিষিদ্ধ ছাত্রলীগের শেরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি গালিব সরকারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইতালী এলাকায় মহাসড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলে অংশগ্রহণকারীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ছবি সম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, “এই মুহূর্তে দরকার, শেখ হাসিনার সরকার” এবং “শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে”।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে একদল যুবক হঠাৎ ইতালী বাজার এলাকায় এসে ব্যানার-প্ল্যাকার্ড বের করে মিছিল শুরু করেন। কয়েক মিনিট মিছিল করার পর তারা আবার অটোরিকশাযোগে শেরপুর শহরের দিকে চলে যায়।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, বিক্ষোভ মিছিলের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নির্দেশনায় বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।