মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ পৌরসভার পূর্ব শিলমান্দি (জসিমনগর) এলাকায় টাকা লেনদেনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মো. আরিফ বেপারী (৩৫) নামে এক কসাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে তার মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
নিহত আরিফ বেপারী পূর্ব শিলমান্দি জসিমনগর এলাকার মতিন বেপারীর ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার কসাই নুর মোহাম্মদের সঙ্গে আরিফের ভাই আকাশ বেপারীর দীর্ঘদিন ধরে টাকা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় সম্প্রতি থানায় অভিযোগও করা হয় বলে দাবি করেছেন আকাশ বেপারী।
অভিযোগ অনুযায়ী, গত শনিবার সকালে মুন্সিরহাট বাজারে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রোববার ভোরে আকাশকে না পেয়ে প্রতিপক্ষের লোকজন তার ভাই আরিফ বেপারীর ওপর হামলা চালায়। পরে সকাল ৯টার দিকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে আরিফ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন ফরেনসিক আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।