মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টাকালে বিজিবির ছোড়া গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের একটি এলাকায় এ ঘটনা ঘটে।
তবে আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিয়ানীবাজার ৫২ বিজিবির একটি টহল দল বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিল। এ সময় সীমান্তের কাছে দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারির গতিবিধি নজরে আসে। তাদের চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা চালায় বলে দাবি করা হয়েছে।
এ অবস্থায় আত্মরক্ষা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হন। পরে আহত ব্যক্তিকে সঙ্গে নিয়ে অপর চোরাকারবারি দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, “ঘটনার বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিজিবি বিষয়টি নিয়ে আরও তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।